তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি দূতাবাসের আশপাশে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন সন্দেহভাজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুইজন পুলিশ সদস্য।
মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম সিএনএন তুর্ক জানিয়েছে, শহরের বেসিকতাস এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের নিকট এই গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন নিহত হন।
ইস্তাম্বুল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় তিনজন জড়িত ছিল এবং তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় ইসরায়েলি কনস্যুলেট বা দূতাবাসে কোনো কূটনীতিক উপস্থিত ছিলেন না।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ইতোমধ্যে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে তুরস্কের বিচার মন্ত্রণালয়।
হাফিজ/ আয়না নিউজ