যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-এর।
তবে এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রধান কারণ লেবানন পরিস্থিতি। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় লেবাননও থাকবে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক স্থগিত করলো ইরান
কিন্তু অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে, লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। এরপর লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় ১,২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে ইরান নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায়, তাহলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল এই শর্ত মেনে নেয়নি।
আরও পড়ুন
হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা বেঁধে দিলো ইরান
এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, লেবানন ইস্যুতে অচলাবস্থার কারণে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান।
বিশ্লেষকদের মতে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার প্রশ্নে মতপার্থক্যই এখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।
হাফিজ/ আয়না নিউজ