দেশে তেলের সংকট, সংসদে ভিন্ন চিত্র দেখানো হয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে বাস্তবে জ্বালানি তেলের সংকট থাকলেও সংসদে সরকারি দলের বক্তব্যে ভিন্ন চিত্র উপস্থাপন করা হয়।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।
শফিকুর রহমান বলেন, সংসদে মন্ত্রী ও সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। তিনি আরও দাবি করেন, সংসদীয় কার্যক্রম থেকে জনগণের প্রত্যাশিত সুফল এখনো পুরোপুরি পাওয়া যাচ্ছে না।
দেশের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে “গোঁজামিল” ও অস্বচ্ছতা চলছে। তিনি একটি মেধাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
কৃষিবিদ ইনস্টিটিউশনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংগঠনে নেতৃত্ব নিয়ে “অপ্রয়োজনীয় রাজনৈতিক হস্তক্ষেপ” থাকা উচিত নয়। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের আহবান জানান তিনি।
জ্বালানি সংকটকে কৃষির জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, সেচ কার্যক্রম ব্যাহত হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এ সমস্যা মোকাবেলায় সরকারকে স্বচ্ছ ডিমান্ড ম্যানেজমেন্ট, ৬০–৯০ দিনের বাফার স্টক গঠন এবং বিকল্প জ্বালানি যেমন সোলার এনার্জির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
সেমিনারে জানানো হয়, দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ১৮ শতাংশ কৃষি খাতে ব্যয় হয় এবং বর্তমান সংকটে বোরো চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ