বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাফ জানিয়েছেন দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কোনো সুযোগ আর থাকবে না। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়এ ধরনের ধারণা বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে।
শনিবার (১১ ইপ্রল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, এই হাটের মাধ্যমে কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন, ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আসবে।
মন্ত্রী আরও বলেন, আমদানিনির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আওতায় আনা হবে। এতে বাজার পর্যবেক্ষণ সহজ হবে এবং মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রতি বছর টিসিবির জন্য প্রায় ৩,২০০ থেকে ৩,৩০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। ভবিষ্যতে এই ভর্তুকির পরিমাণ কমানোর পরিকল্পনা থাকলেও টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।
এছাড়া তিনি বলেন, সারা দেশে কৃষকরা যেন সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।