ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান -সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হামলার জবাবে দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।
সোমবার (১৩ এপ্রিল) তারা এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, অবৈধ ইসরায়েলি বসতি এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, উত্তরাঞ্চলের মিসগাভ আম বসতি, কাফার গিলাদি এলাকার একটি সামরিক ঘাঁটি এবং জারিট ব্যারাক লক্ষ্য করে একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর ওইসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করা হলেও স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা যায়নি। নিরাপত্তাজনিত কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হয়নি।
এর আগে হিজবুল্লাহ দাবি করে, মধ্যরাতে তারা উত্তরাঞ্চলের দুটি শহরে রকেট ব্যারেজ ছুড়েছে। তাদের ভাষ্যমতে, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়।
আরও পড়ুন :
যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে, চুক্তি না হলেও অগ্রগতির ইঙ্গিত
হিজবুল্লাহ আরও জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে ডোভিভ বসতিতে রকেট হামলা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় তারা উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবানন এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি ও অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালানোর দাবি করেছে।
হাফিজ/ আয়না নিউজ