পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনায় পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, যাতে দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে বসানো যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আলোচনা সম্পর্কে ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের প্রতিনিধিদল রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলে সেই সুযোগেই মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিভিন্ন দেশে কূটনৈতিক সফর শেষে সেনাপ্রধান আসিম মুনির ইরানে গিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক করেন। এসব কূটনৈতিক তৎপরতার আনুষ্ঠানিক ফল জানানো না হলেও ইসলামাবাদে নিরাপত্তা জোরদারে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী রাজধানীতে মোতায়েন করা হচ্ছে।
আরও পড়ুন-
৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি হলে তিনি নিজেও ইসলামাবাদ সফর করবেন। আলোচনার অনেক বিষয়েই ইতোমধ্যে অগ্রগতি হয়েছে বলে দাবি তার।
১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লব-এর পর গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। প্রায় ২১ ঘণ্টার বৈঠক হলেও তখন কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হওয়ায় গণমাধ্যমকে যাচাই ছাড়া খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছে তারা।
এফএ/ আয়না