দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার, যা রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১৪০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম অনুযায়ী আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দাম নির্ধারণ করায় বাজারে স্বচ্ছতা বাড়বে এবং অপ্রয়োজনীয় মজুত প্রবণতা কমবে।
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তখন ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ