চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে মজুদ থাকা অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করতে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল।
কারখানা সূত্রে জানা যায়, এর আগে গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই দুই প্রতিষ্ঠান থেকেই ডিএপি কারখানাটি নিয়মিত অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালাত। তবে ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কাঁচামাল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
মজুদ অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা সম্ভব হলেও শেষ পর্যন্ত তা ফুরিয়ে গেলে পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৮০০ মেট্রিক টন। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন করে আসছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক বলেন, “সিইউএফএল ও কাফকো বন্ধ হওয়ার পর থেকেই অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা গেলেও এখন আর সম্ভব নয়। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ না হলে উৎপাদন পুনরায় শুরু করা যাবে না।”
এই পরিস্থিতিতে দেশের সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
হাফিজ/ আয়না নিউজ