ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিলো ১ হাজার ৭২৮ টাকা।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা এর আগে এপ্রিল মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসের শুরুতেই এক দফা মূল্যবৃদ্ধি করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দুইবার বাড়ল এলপিজির দাম।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এর প্রধান কারণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে সংকট তৈরি হওয়া এবং অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এলপিজিবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এছাড়া বিকল্প উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও খরচ বৃদ্ধি, জাহাজভাড়া বৃদ্ধি, বিমা ও নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়া এবং ট্রেডারদের প্রিমিয়াম চার্জ বাড়ার কারণেও এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ট্রেডার প্রিমিয়াম ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ