| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলপিজি সিন্ডিকেট দমনে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎমন্ত্রী

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 155 বার পঠিত
এলপিজি সিন্ডিকেট দমনে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎমন্ত্রী

ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাঠ প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এলপিজির নির্ধারিত মূল্য বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সুপারদের মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোথাও মজুতদারির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

এছাড়া সারাদেশে নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। এলপিজি অপারেটরদের সংগঠন ‘লোয়াব’-কেও এ বিষয়ে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, দেশে এলপিজির প্রায় ৯৮.৬৭ শতাংশ চাহিদা আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সে জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ থেকে আমদানির তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪