গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুইটি বিদ্যালয়ের ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী অবশেষে এডমিট কার্ড হাতে পেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।
তিনি জানান, জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়। এডমিট কার্ড না পাওয়ায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে যাওয়ায় স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
এর আগে সোমবার (২০ এপ্রিল) এডমিট কার্ড না পেয়ে দুই বিদ্যালয়ের মোট ৬৫ জন পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হন। কিন্তু তাৎক্ষণিক সমাধান না হওয়ায় রাতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও একটি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে রাত প্রায় পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করে রাতের মধ্যেই পরীক্ষার্থীদের হাতে এডমিট কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে ২৬ হাজার ২১ জন এসএসসি পরীক্ষার্থী, ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৫ হাজার ৯০৮ জন শিক্ষার্থী।
হাফিজ/ আয়না নিউজ