| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগার থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছে হত্যা মামলার কিশোর আসামি

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 230 বার পঠিত
কারাগার থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছে হত্যা মামলার কিশোর আসামি

নোয়াখালীতে শুরু হওয়া ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। হত্যা মামলার আসামি এক কিশোর আদালতের অনুমতিতে কারাগারের ভেতর থেকেই পরীক্ষায় অংশ নিচ্ছে।

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মাহবুব এলাহী রাজিন (১৫) বর্তমানে একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়ে নোয়াখালী জেলা কারাগারে আটক রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার এসএসসি পরীক্ষা শুরু হয়।

জানা গেছে, রাজিন নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। তবে বর্তমানে সে কারাগারে থাকায় আদালতের বিশেষ অনুমতিতে কারাগার থেকেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলায় গ্রেপ্তারের পর প্রথমে তাকে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন।

নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে কারাগারের ভেতরেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য পরীক্ষাও একইভাবে অনুষ্ঠিত হবে।

কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষাটি সুষ্ঠুভাবে গ্রহণ করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, নোয়াখালী জেলায় এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪