গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির বকেয়া টাকা পরিশোধের দাবিতে আহসান কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, গত বছরের বাৎসরিক ছুটির প্রাপ্য টাকা সময়মতো পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে কয়েকদিন ধরে শ্রমিকরা দাবি জানিয়ে আসছিলেন।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন এবং বিক্ষোভে নামেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালান। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়, এতে নারী শ্রমিকসহ প্রায় ৩০ জন আহত হন।
কারখানার এক কর্মকর্তা সাইফুল্লাহ মাসুদ বলেন, আমরা শুধু বলেছি টাকা সময়মতো পরিশোধ করা হবে। কিন্তু এর মধ্যেই শ্রমিকরা ভাঙচুর ও হামলা চালিয়েছে।
অন্যদিকে, নারী শ্রমিক সাবিনা আক্তার অভিযোগ করেন, আমরা পরিশ্রম করে কাজ করি, কিন্তু আমাদের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। দাবি জানালে আমাদের ওপর হামলা করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
হাফিজ/ আয়না নিউজ