| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলেজছাত্র হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 126 বার পঠিত
কলেজছাত্র হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যার ঘটনায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুই নারীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. ইউনুছ আলী ওরফে ইন্নছ আলী (৬২), তার ভাই মোহাম্মদ আলী (৫২), মো. গোলাম হোসেন ওরফে গুলু (৫১), শামছুল হক (৪৪), গোলাম হোসেনের ছেলে আসিফ রানা নাঈম (২৪), হাজী আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল হেলিম (৫১) এবং মোহাম্মদ আলীর ছেলে মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু (১৯)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এছাড়া মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইকবাল ২০২১ সালের ৩১ মে রাতে তারাকান্দার পলাশকান্দা টানপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পাঁচ দিন পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের নিচে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে ২০২১ সালের ৬ জুন তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পূর্বশত্রুতার জেরে ইকবালকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয় এবং পরিচয় গোপনের চেষ্টা করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪