তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিক বাংলাদেশের জন্য। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
খেলা শুরুর আগেই দুই দলের ক্রিকেটাররা ওয়ার্মআপে নেমে পড়েন। চট্টগ্রামের আকাশ ছিল রোদ ঝলমলে ও পরিষ্কার, সঙ্গে তাপমাত্রাও ছিল বেশ উষ্ণ। তবে শুরুতে গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল তুলনামূলক কম—পুরো স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে তিন শতাধিক দর্শক দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকসংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, মো. সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে রয়েছেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেইডেন লেনক্স, উইল ও’রোর্ক ও বেন লিস্টার।
সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামছে, ফলে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটভক্তরা।
হাফিজ/ আয়না নিউজ