রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাবির কেন্দ্রিয় ছাত্র সংসদের ( ডাকসু) নেতাদের এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
শুক্রবার ( ২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং ডাকসুর নারী নেত্রী ঝুমার ওপর হামলা চালানো হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
তিনি দাবি করেন, নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে পুলিশ নিষ্ক্রিয় ছিলো, যা অত্যন্ত নিন্দনীয়।
একই বিবৃতিতে তিনি পাবনা ঈশ্বরদী সরকারি কলেজে এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়।
জামায়াতের জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, এসব ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে। তিনি শিক্ষাঙ্গনে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং সহিংসতা পরিহার করার আহবান জানান।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করারও আহবান জানান।
হাফিজ/ আয়না নিউজ