লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর নবজাতক সন্তানের পিতৃত্ব অস্বীকারের ঘটনায় চরম বিপাকে পড়েছেন এক নারী। জন্মের পাঁচ দিন পার হলেও পিতার অস্বীকৃতি এবং দায়িত্ব নিতে অনীহার কারণে এখন ন্যায়বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে ভূক্তভোগি ঐ নারী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রতিবেশী নুরুল আলম তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের বিষয়ে চাপ দিলে নুরুল আলম বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। গত পাঁচ দিন আগে তিনি একটি সন্তানের জন্ম দেন।
ঘটনাটি রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের কোডেক কলোনির সাত্তার মিয়ার বাজার এলাকায় ঘটে। বর্তমানে নবজাতক ও মা চরম সামাজিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী নারী জানান, প্রায় তিন বছর আগে তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর নুরুল আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক হয়। গর্ভধারণের বিষয়টি জানালে নুরুল আলম তাকে গর্ভপাতের ওষুধ দেন বলেও তিনি অভিযোগ করেন, তবে তিনি তা গ্রহণ করেননি।
এদিকে স্থানীয়দের একটি অংশ দাবি করছে, প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করতে আলোচনা চলছে।
অন্যদিকে, রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ