| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াপল্টনে বিএনপির মে দিবসের শ্রমিক সমাবেশ শুরু

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 100970 বার পঠিত
নয়াপল্টনে বিএনপির মে দিবসের শ্রমিক সমাবেশ শুরু

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

বৈরী আবহাওয়া উপেক্ষা করেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। ভোরের প্রবল বৃষ্টির কারণে নয়াপল্টন এলাকার সড়কে কিছুটা পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। এরপর থেকেই সমাবেশস্থলে জনসমাগম ও কর্মচাঞ্চল্য বাড়তে থাকে।

সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে লাল কার্পেট বিছানো হয়েছে এবং দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকেও বক্তব্য শোনা যায়। একই সঙ্গে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত সাউন্ড সিস্টেম ও মঞ্চ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান এবং আশা প্রকাশ করেন, এ সমাবেশে বড় ধরনের জনসমাগম ঘটবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে ঢাকার বাইরের বিভিন্ন শিল্পাঞ্চল থেকেও শ্রমিকদের অংশগ্রহণ দেখা গেছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার কলকারখানা থেকে শ্রমিকরা রাজধানীতে যোগ দেন।

সমাবেশস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোলসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে তারা উপস্থিত হন। স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪