সদ্যবিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। মাসটিতে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে—৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২৫ সালের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, তৃতীয় সর্বোচ্চ ২০২৫ সালের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চতুর্থ সর্বোচ্চ চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার।
বিশ্লেষকরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ—রেমিট্যান্স বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হাফিজ/ আয়না নিউজ