| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসের পর লঞ্চভাড়াও বাড়লো, কার্যকর হলো নতুন ভাড়া হার

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 90725 বার পঠিত
বাসের পর লঞ্চভাড়াও বাড়লো, কার্যকর হলো নতুন ভাড়া হার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়ার পর এবার বাড়ানো হলো লঞ্চভাড়াও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দীর্ঘ দূরত্বে ১৪ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন ভাড়া একই দিন থেকেই কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নতুন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানাতে শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

পরে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। একই দিন নতুন বাসভাড়াও কার্যকর করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪