দেশে টানা তিন দফায় জেট ফুয়েলের দাম ১৩২ টাকা বাড়ানোর পর ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমেছে প্রায় ২২ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্যহার বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।
তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে দেশে জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে শুরু করে। মার্চে প্রথম দফায় দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সা। এরপর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় তা বৃদ্ধি পেয়ে হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিলে দাম বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।
দীর্ঘ মূল্যবৃদ্ধির পর নতুন করে দাম কমানোর সিদ্ধান্তে দেশের বিমান পরিবহন খাতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাফিজ/ আয়না নিউজ