| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ উপলক্ষে রেমিট্যান্সে রেকর্ড, দৈনিক দেড় হাজার কোটি টাকা আসছে

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 68889 বার পঠিত
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে রেকর্ড, দৈনিক দেড় হাজার কোটি টাকা আসছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি মাসে দৈনিক রেমিট্যান্স আসছে প্রায় দেড় হাজার কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রবাহ হিসেবে ধরা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা স্বজনদের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ১৬ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৯৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। সে হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে আসছে দেড় হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।

এ ছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

অর্থনীতিবিদরা বলছেন, ঈদ, পারিবারিক ব্যয় এবং বিনিয়োগ পরিকল্পনার কারণে সাধারণত এই সময় রেমিট্যান্স বৃদ্ধি পায়। পাশাপাশি বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়ায় আনুষ্ঠানিক রেমিট্যান্স আরও শক্তিশালী হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চ রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

তবে তারা সতর্ক করে বলেছেন, এই প্রবাহ মৌসুমি হওয়ায় ঈদের পর কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে। এজন্য দীর্ঘমেয়াদি শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসী আয় বৃদ্ধির স্থায়ী নীতি প্রয়োজন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪