পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাটের বাইরে গরুবোঝাই ট্রাক নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় কুরবানির পশুর হাটের নিরাপত্তা, কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
ডিএমপি কমিশনার বলেন, যানজট নিয়ন্ত্রণ ও হাটে শৃঙ্খলা বজায় রাখতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। কোনো ইজারাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি রাস্তায় গরুর ট্রাক আটকে টানাটানি বা জোরপূর্বক হাটে নেওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পশুর হাটগুলোতে জাল টাকা প্রতিরোধে ডিএমপির পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে। এছাড়া ঈদের সময় নগরবাসীর দুর্ভোগ কমাতে সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ