দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের সবচেয়ে বড় গণমুখী বাহিনী। গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত জনগণের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, আধুনিকায়ন ও কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বাস দেন তিনি।
সমাবেশে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে জনগণের পাশে কাজ করার জন্য আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানান।
হাফিজ/ আয়না নিউজ