চকরিয়াতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার আলোচিত মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।
অভিযান চলাকালে একজন ডাকাতকে আটক করলে তাকে ছাড়িয়ে নিতে অন্যরা হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট নির্জন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
হাফিজ/ আয়না নিউজ