অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রোববার (১৭ মে) এই রিট আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হয়। সেদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে তারা রিট করেছিলেন। তাদের দাবি ছিল, অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অস্থিরতার অভিযোগের প্রেক্ষিতে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।
আরও পড়ুন :
সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, এই সময়ের সব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছিল এবং তদন্ত প্রক্রিয়া সরকার কীভাবে পরিচালনা করবে তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তবে শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন বলে নিশ্চিত করা হয়।
হাফিজ/ আয়না নিউজ