২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে বলে মন্তব্য করেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও ফায়ারিং প্রতিযোগিতায় সেনাসদস্যদের নৈপুণ্য প্রশংসনীয়। কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
জানা যায়, গত ১৬ মে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি শুরু হয়। এতে বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, বিভিন্ন ডিভিশন ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ