প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনেই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন আয়োজনই এখন আমাদের প্রধান লক্ষ্য। সংঘাত বন্ধে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন। রক্তপাত বদ্ধের জন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ভোটার সচেতনতা কর্মসূচির বিষয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া সংঘাতহীন স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। ইতিহাস ঘেঁটে দেখা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত হয়েই থাকে। তবে জাতীয় নির্বাচন যেহেতু সংঘাতমুক্ত করা গেছে, স্থানীয় সরকার নির্বাচনেও তা সম্ভব বলে আমাদের আত্মবিশ্বাস রয়েছে।
বর্তমান সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। স্থানীয় সরকার নির্বাচন ঐতিহাসিকভাবেই বেশি সংঘাতপূর্ণ হয়ে থাকে। বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন, যা বড় উদ্বেগের বিষয়। ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন নিহত হন। কিন্তু আমরা কোনো রক্তপাত চাই না। এজন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার সহযোগিতা প্রয়োজন। তাহলে আমরা ভালো নির্বাচন উপহার দিতে পারব।
সূর্যয় / আয়না নিউজ