| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা খাতে উচ্চপর্যায়ের সংলাপে লন্ডনে শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 53012 বার পঠিত
শিক্ষা খাতে উচ্চপর্যায়ের সংলাপে লন্ডনে শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যের লন্ডনে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) আয়োজিত মন্ত্রী পর্যায়ের উচ্চপর্যায়ের সংলাপে অংশগ্রহণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই সংলাপে আইসিইএসসিওর সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রীরা অংশ নেন। শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের অগ্রাধিকার তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, “আনন্দময় ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণকে উৎসাহিত করা এবং এমন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য, যেখানে প্রতিটি শিশু শেখার, বেড়ে ওঠার ও বিকশিত হওয়ার সমান সুযোগ পাবে।”

মেয়েদের শিক্ষার অগ্রগতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যায়ে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

সংলাপ শেষে শিক্ষামন্ত্রী নাইজেরিয়ার এডো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর গডউইন ওবাসেকি-এর সঙ্গে একান্ত বৈঠক করেন। এ সময় ওবাসেকি তার অঙ্গরাজ্যে বাস্তবায়িত ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট’ উদ্যোগের অভিজ্ঞতা বিনিময় করেন এবং জানান, এই কর্মসূচি এডো অঙ্গরাজ্যকে নাইজেরিয়ার অন্যতম সফল শিক্ষা অঞ্চলে পরিণত করতে সহায়তা করেছে।

এরপর মন্ত্রী হাউস অব লর্ডসে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই), মানসম্মত শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এডটেক সহযোগিতা, পাঠ্যক্রম সংস্কার, উদ্ভাবনী হাব, তৃতীয় ভাষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে শিল্পের চাহিদার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে, যাতে অর্জিত দক্ষতা কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতায় রূপান্তরিত হয়।

আলোচনায় টিএনই কার্যক্রমের কার্যকর সম্প্রসারণ এবং অপব্যবহার রোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার অনুযায়ী বাস্তবসম্মত ও ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণে একমত হন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪