আগামী শনিবার (২৫ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
হাফিজ/আয়না নিউজ