পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। তবে এ নির্দেশনার বাইরে থাকবে পশুবাহী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহন।
গতকাল বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে ২৫ মে ৩১ মে পর্যন্ত ট্রাক-লরি চলাচল বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ সিদ্ধান্তের বাইরে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ঈদের আগে ও পরে নির্ধারিত সাত দিনে কোনো ট্রাক, কাভার্ডভ্যান বা লরি যাতে মহাসড়কে চলাচল না করে, সে বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় তদারকির ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কতৃপক্ষ।