| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রা নিয়ে আশার কথা জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 38340 বার পঠিত
ঈদযাত্রা নিয়ে আশার কথা জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক হবে বলে আশার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রবিউল আলম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মোট ৮৬ জন নিহত ও ৩৩ জন আহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রায় ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এ আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যৌথভাবে কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায়।

মন্ত্রী বলেন, অল্প সময়ে আড়াই কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রতিবছরই ঈদযাত্রা কঠিন হয়ে পড়ে। তবে জনগণের সহযোগিতা, সচেতনতা ও অনুকূল আবহাওয়া থাকলে এবার যাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি অন্যান্য মহাসড়ক উন্নয়নেও সরকার কাজ করছে। সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা বৃদ্ধি ও ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ায় দুর্ঘটনা কমছে।

অনুষ্ঠানে কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সড়কে নিহতের প্রকৃত সংখ্যা ও মহাসড়কের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন, যা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪