একটি মহল গোপনে সংগঠিত হয়ে মানুষের ভেতরে ঢুকে বিভ্রান্তি ছড়ানো এবং ক্ষতির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।
শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর পল্লবীস্হ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী আমিনুল।
আমিনুল হক বলেন, রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বিএনপিও। তবে বিচার অবশ্যই আইনের মাধ্যমেই হতে হবে। তিনি বলেন, একটি মহল এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা ন্যায়বিচারের উদ্দেশ্যে নয় বরং অস্থিরতা তৈরির উদ্দেশ্যে করা হচ্ছে।
তিনি আরও বলেন, “যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা অস্থিতিশীলতা বরদাশত করা হবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের জন্য অপেক্ষা করতে হবে।
আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন আপনারা। এখন সবাইকে জামায়াত সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারা গোপনে সংগঠিত হয়ে মানুষের ভেতরে ঢুকে বিভ্রান্তি ও ক্ষতির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমরা বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
হাফিজ/ আয়না নিউজ