জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনঃখনন প্রকল্পের কাজ উদ্বোধনের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি সড়কপথে রওনা হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্যাপিত হচ্ছে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) কবির জন্মদিন হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠে স্থাপিত নজরুল মঞ্চে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং নান্দনিক সাজসজ্জার মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছে।
এছাড়া কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ অংশে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ