| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই: রেল সচিব

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 35666 বার পঠিত
ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই: রেল সচিব

এবারের ঈদযাত্রায় ট্রেনের সিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবেন।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রেল সচিব জানান, ঈদযাত্রার শুরুতেই কিছুটা বিঘ্ন ঘটলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে। সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে পুনরায় চলাচল শুরু করা হয়। এ ঘটনার কারণে কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।

তিনি বলেন, “শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে। জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছেড়ে যাবে। আমরা আশা করছি, এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না।”

লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথা জানিয়ে রেল সচিব বলেন, ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে এবং শিগগিরই সংখ্যা ৮০টির বেশি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি এবং ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রেল সচিব। তার মতে, টিকিটবিহীন যাত্রীদের কারণে ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের সময় যাত্রী চাহিদা বেশি থাকায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে।

যাত্রীদের যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান রেল সচিব।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪