দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সজাগ থাকতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। রামিসা হত্যাকাণ্ডকে ঘিরে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যারা আগে নিরব ছিল, তারা এখন হঠাৎ করে সোচ্চার হয়েছে এবং ৫ আগস্টের বিতারিতদের সঙ্গে তলে তলে সম্পর্ক গড়ে তুলছে।
তিনি আরও বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন ও জনমুখী কার্যক্রম ব্যাহত হবে, যার ক্ষতি ভোগ করতে হবে সাধারণ মানুষকেই। তাই অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তারেক রহমান। তবে জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।
এর আগে আজ সকাল থেকে দরিরামপুর এলাকায় খাল খননের পাশের মঞ্চের হাজার হাজার জনতা উপস্থিত হোন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল একাডেমি ডাক বাংলোতে অবস্থান করবেন।
সেখানে বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
হাফিজ/ আয়না নিউজ