আগামী এক মাসের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড সমাজের চরম অবক্ষয়ের একটি উদাহরণ। বর্তমান সরকার কোনোভাবেই শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা সহ্য করবে না। তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যেই এ মামলার দোষীদের সর্বোচ্চ শাস্তির সব পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঘটানোর সাহস কেউ না পায়।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ঐতিহ্যবাহী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের প্রসার ঘটানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ সময় তিনি ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের ভাবার আহবান জানান।
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে অন্যায়-অবিচার, ক্ষুধা-দারিদ্র্য ও হতাশা দূর করে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে।
হাফিজ/ আয়না নিউজ