| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমলাপুরে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রীদের চরম দুর্ভোগ

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 22760 বার পঠিত
কমলাপুরে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রীদের চরম দুর্ভোগ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার (২৫ মে) সকাল থেকেই স্টেশনের সব প্ল্যাটফর্মে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে যাত্রীদের এই চাপের মধ্যেই একাধিক ট্রেন সময়সূচি অনুযায়ী না ছাড়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

সকাল থেকেই স্টেশনের বাইরের পার্কিং এলাকা পর্যন্ত দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। নিরাপত্তা ও টিকিট যাচাই শেষে কয়েক ধাপ চেকিং পার হয়ে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করেন। কিন্তু অনেককেই ভেতরে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বিলম্বিত ট্রেনের জন্য।

বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। নির্ধারিত সময়ের ট্রেন না পেয়ে অনেক যাত্রী প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন রুটে প্রায় ১৫টি ট্রেন স্টেশন ছেড়ে গেলেও অন্তত পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যায়। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস প্রায় আধা ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। নীলসাগর এক্সপ্রেসও বিলম্বিত হয়। পাশাপাশি রংপুর এক্সপ্রেস, তিতাস কমিউটার ও একতা এক্সপ্রেসের সময়সূচিতেও বিঘ্ন ঘটে।

রংপুরগামী এক যাত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য, ফলে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ট্রেন ‘অপারেশনাল ডিলে’র কারণে বিলম্বিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমাতে হচ্ছে, যা সময়সূচি বিপর্যয়ের অন্যতম কারণ।

আজ কমলাপুর থেকে মোট ৬৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যার মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন। ঈদ সামনে রেখে যাত্রীচাপ আরও বাড়বে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪