বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলোতে আগামী পাঁচ বছরে মোট ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (২৫ মে) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা।
এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মাসাতো কান্ডা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, নতুন প্রবৃদ্ধির খাত তৈরি এবং সংকট মোকাবেলায় সক্ষম বহুমুখী অর্থনীতি গড়ে তুলতে এডিবি সব ধরনের সহযোগিতা করবে।
১.৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি
এডিবি জানায়, ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি, সার ও শিপিং খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতেও অস্থিরতা বিরাজ করছে।
নতুন উদ্যোগে ৫ বছরে ৫ বিলিয়ন ডলার
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এডিবি ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি উদ্যোগের প্রস্তাব তুলে ধরে। এর আওতায় আগামী পাঁচ বছরে প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে মোট ৫ বিলিয়ন ডলার অর্থায়ন করা হবে।
এই অর্থায়নের মূল লক্ষ্য হবে দেশের বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অঞ্চলভিত্তিক সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
বার্ষিক সহায়তা বাড়বে ২০ শতাংশ
এডিবি আরও জানিয়েছে, মধ্যমেয়াদে বাংলাদেশের জন্য তাদের বার্ষিক সার্বভৌম সহায়তা ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে বর্তমানের ২ বিলিয়ন ডলারের সহায়তা বেড়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এই তহবিল বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান, অর্থনৈতিক বহুমুখীকরণ, সুশাসন শক্তিশালীকরণ এবং এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় সহায়ক হবে বলে মনে করছে সংস্থাটি।
এছাড়া বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও এডিবির কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি বাস্তবায়নে ২ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক
ঢাকা সফরে এডিবির প্রেসিডেন্ট অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন। সেখানে দেশের চলমান অর্থনৈতিক সংস্কার, বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা এবং প্রবৃদ্ধি ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা হয়।
এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন মাসাতো কান্ডা। বৈঠকে বিনিয়োগের সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয় এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের সঙ্গে এডিবি যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।
হাফিজ/ আয়না নিউজ