শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। এ লক্ষ্যে শ্রম আইনকে যুগোপযোগী করতে সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা কিংবা কর্মস্থলে হতাহতের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের পরিবারকেও সরকারের সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে মেডিকেল সনদসহ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হবে।
প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারী জালিয়াত চক্রের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ২০১ জন আহত শ্রমিক এবং নিহত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরিবারভেদে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ