আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।
মঙ্গলবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সরকারের গত ১০০ দিনের কার্যক্রম তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেসসচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহদাৎ হোসেন স্বাধীনসহ অন্যান্য কর্মকর্তারা।
মাহাদী আমিন বলেন, দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়েছে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস কার্যক্রম এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে। স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে হামের টিকাদান কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে।
মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর উদ্যোগ এবং স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান মাহাদী আমিন। এসব সভায় ৬০টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি বলেন, অল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বড় অংশ বাস্তবায়ন সরকারের কার্যকারিতা ও দ্রুততার প্রতিফলন।
হাফিজ/ আয়না নিউজ