বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড়ো শক্তি এবং তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে সময়োপযোগী ও ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে না পারলে রাষ্ট্র ও সমাজ পিছিয়ে পড়বে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।
রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এবং জেলা তথ্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি দক্ষ ও আধুনিক ডিজিটাল জনবল গড়ে তুলতে পারলে রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত হবে।
তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডকে সমন্বিত ও সমান্তরাল গতিতে পরিচালনার জন্য কার্যকর আন্তঃসম্পর্ক ও টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সৃজনশীলতা, দক্ষতা ও সক্ষমতাকে সমন্বিত করতে পারলে তার ফল জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। ডিজিটাল লিটারেসিকে মৌলিক সক্ষমতা উল্লেখ করে বলেন, যারা ডিজিটাল জ্ঞান থেকে পিছিয়ে থাকবে, তারা ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিবাচক ব্যবহার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এআই ব্যবহার করে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় সতর্কতা ও নৈতিকতার উপর গুরুত্বারোপ করেন। তথ্য মন্ত্রণালয় সরকারের ভাবমূর্তি তুলে ধরার অন্যতম প্রধান মাধ্যম উল্লেখ করে জনসংযোগ কর্মকর্তাদের আরও সমন্বিত ও দক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের। এছাড়া বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন ও মো. শাহ আলম। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল রাজীব/ আয়না নিউজ