বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ নৌরুট সদরঘাট–দক্ষিণাঞ্চল এবং পাটুরিয়া–দৌলতদিয়া রুটে সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা হাজারো যাত্রী।
মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
বিআইডব্লিউটিএর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাম জানান, সকাল থেকেই হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে বেলা সোয়া ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট রুটে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপের মধ্যেই আকস্মিকভাবে নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সঙ্গে টানা বৃষ্টিতে পদ্মা নদীর পানি বেশ উত্তাল হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে দ্রুত নৌযান চলাচল বন্ধ করা হয় এবং ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে সাধারণত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ২৬টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে থাকে। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ