পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট নাশকতার হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট (হুমকি) নেই।” তবে কোনো ধরনের ঝুঁকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল চেকপোস্ট বসানো হয়েছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের প্রধান জামাতগুলো ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
র্যাব মহাপরিচালক জানান, বাহিনীর সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও চলমান রয়েছে।
ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিকভাবে চলবে বলে জানানো হয়। ঈদের ছুটিতে শহরাঞ্চলে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে এ বিবেচনায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন টহল ও নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ