আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এ জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরের তালিকা সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।
এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহ করে তা বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এসব তথ্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ