রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, জন্মের পর নবজাতকরা সবাই সুস্থ ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পরে পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে অবস্থার অবনতি হলে তাদের এনআইসিইউতে নেওয়া হয় এবং সেখানে মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আরও জানান, ঘটনাটির পেছনে কোনো ধরনের অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আরও পড়ুন :
আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর কারণ জানালো কর্তৃপক্ষ
তিনি বলেন, কর্তৃপক্ষের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিআইডি ও অন্যান্য টেকনিক্যাল টিমও তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট ওয়ার্ড সিল করে পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে। এসি লিকেজসহ অন্যান্য প্রযুক্তিগত কারণও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন :
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু দুর্বলতা পাওয়া গেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষে জানা যাবে।
হাফিজ/ আয়না নিউজ