| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ-দ্বীন হাসপাতালের গাফিলতিতে ৬ নবজাতকের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 16665 বার পঠিত
আদ-দ্বীন হাসপাতালের গাফিলতিতে ৬ নবজাতকের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে  ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। 

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তারা দেখতে পেয়েছেন যে ওই কক্ষে দায়িত্বে থাকা সেবিকাদের একটি টিম ছিলো। কোনো নবজাতক অসুস্থ হলে হাসপাতালের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের পাঁচতলার এনআইসিইউতে পাঠানো হতো।

তিনি জানান, তদন্তে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতার বিষয় সামনে এসেছে। রাত ২টার দিকে এক অভিভাবকের অনুরোধে নবজাতকদের কক্ষের এসি বন্ধ করা হয়। প্রায় এক ঘণ্টা এসি বন্ধ থাকার পর রাত ৪টার দিকে প্রথম একটি শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটিকে এনআইসিইউতে নেওয়া হলে তার অবস্থার উন্নতি হয় এবং আবার কক্ষে ফিরিয়ে আনা হয়।

এরপর ভোর সাড়ে ৬টা বা পৌনে ৭টার দিকে এক নবজাতককে মৃত অবস্থায় দেখতে পান কর্তব্যরত নার্স। পরে একে একে আরও শিশু অসুস্থ হতে থাকে। সব নবজাতককে এনআইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত ছয়জনেরই মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহেদ রায়হান বলেন, এটি চিকিৎসাজনিত সাধারণ জটিলতা বলে মনে হচ্ছে না। একই সময়ে পরপর ছয় নবজাতকের মৃত্যু হওয়ায় কোনো টেকনিক্যাল ত্রুটির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, সিআইডির টেকনিক্যাল বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ঘটনাস্থলের এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।

পোস্টমর্টেম প্রসঙ্গে জাহেদ রায়হান বলেন, আইনগতভাবে পুলিশ বা প্রশাসন মৃতদের স্বজনদের পোস্টমর্টেমের প্রস্তাব দিতে পারে। তবে অনেক অভিভাবক এত ছোট নবজাতকের মরদেহে কাটাছেঁড়া করাতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, পোস্টমর্টেম না হলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় কিছুটা কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে আদালত পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবে। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম হওয়া উচিত বলেও মত দেন তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪