ঈদের আনন্দ যেন মুহূর্তেই পরিণত হলো শোকে। পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। গোপালগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহ জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের দুই সদস্যসহ চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি আট বছর বয়সী শিশুও রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দিনাজপুরে বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার উদ্দেশ্যে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়।
অন্যদিকে নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, পটুয়াখালীতে দুজন এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ, বেপরোয়া গতি ও অসচেতন চালনার কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাফিজ/ আয়না নিউজ