জাতিসংঘের মহাসচিব অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সংঘাত দীর্ঘায়িত হলে তা আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। বৃহস্পতিবার (২৮ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি উত্তেজনা হ্রাসে দ্রুত ও টেকসই উদ্যোগ
নেয়ার আহবান জানান। জাতিসংঘ জানায়, ওই বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহান্তে ইউক্রেনজুড়ে ব্যাপক রুশ হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গুতেরেস বলেন, সংঘাতের বর্তমান গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে, যা অজানা ও অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে।
তিনি আরও বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে ইউক্রেনে ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৮০০ শিশু রয়েছে। একই সঙ্গে অবকাঠামো ধ্বংস এবং মানবিক সংকট ক্রমেই গভীর হচ্ছে।
গুতেরেস জোর দিয়ে বলেন, এখন প্রয়োজন অবিলম্বে ও ধারাবাহিক যুদ্ধবিরতি এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ। তাঁর ভাষায়, “পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।
তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শান্তির জন্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী একটি ন্যায্য সমাধানের আহ্বান জানান তিনি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের হামলার জবাবে তারা সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
উল্লেখ্য, চলমান এই সংঘাত রাশিয়া-ইউক্রেনকে নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ