রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অতীতের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, এবার গরুর হাটে চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি উন্নতি করা সম্ভব নয়, এমনকি উন্নত দেশেও তা সময়সাপেক্ষ। তবে সরকার এ বিষয়ে কতটা কার্যকরভাবে কাজ করছে, সেটিই মূল বিষয়।
তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রায় সড়কে যানজট তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল এবং যাত্রীরা আগের মতো ভোগান্তিতে পড়েননি।
এ সময় তিনি বিরোধী দলকে দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
এদিকে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানানো হয়।
হাফিজ/ আয়না নিউজ